যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে। অন্তত ৩৬ কাউন্টির বাসিন্দারা বিদ্যুত্ বিচ্ছিন্ন হতে যাচ্ছেন বলে বিদ্যুত্ কোম্পানি থেকে সতর্ক করা হয়েছে। এরইমধ্যে দাবানলের কারণে ৫০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে গেছেন। লস অ্যাঞ্জেলস ও সোনোমা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির
প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক কোম্পানি সতর্ক করেছে, বাতাসের গতিবেগ প্রচণ্ড আকারে বাড়ছে। এর ফলে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কোম্পানিটি বলেছে, ৮ লাখ ৫০ হাজার গ্রাহক বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। শনিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এর প্রভাব পড়বে ২০ লাখ মানুষের ওপর। কোম্পানি বলেছে, বাতাসের উচ্চ গতিবেগ ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। বিদ্যুত্ ও গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। এ আশঙ্কায় বিদ্যুত্ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজসম বিদ্যুত্ কোম্পানির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন। তিনি এজন্য কোম্পানির কর্মকর্তাদের লোভ এবং অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। এদিকে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, আবহাওয়া খুবই গরম হচ্ছে। ক্যালিফোর্নিয়ার মদের অঞ্চল বলে খ্যাত সোনোমা কাউন্টিতে কিনকেড নামের দাবানল ২১ হাজার ৯০০ একরজুড়ে ছড়িয়েছে। ১৩ হাজার অগ্নিনির্বাপণ কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। লস অ্যাঞ্জেলসে ৪ হাজার ৩০০ একর জুড়ে দাবানল ছড়িয়েছে। এই দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।