রাজধানীর কামরাঙ্গীরচরে মোটর সাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাকিবুলের বাসা কামরাঙ্গীরচরের টেকেরহাটি এলাকায়। গতকাল রাত ১০টার দিকে রাকিবুল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় আলীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িতে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল নিয়ে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ভ্যানচালকও সামান্য আহত হয়েছেন বলে জানান কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির।