ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে ১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে যোগ দেন। শেখ হাসিনা এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ এদিন বিকালে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিবৃন্দ বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে বাকু ঘোষণা গ্রহণ করেন।

ঢাকা-বাকু দ্বিপাক্ষিক সম্পর্ক

জোরদারে সম্মত

বাংলাদেশ এবং আজারবাইজান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

প্রেসিডেন্সিয়াল প্যালেসে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গতকাল শনিবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকি  সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘দুই নেতা বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যকার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের বিষয়ে আলোচনা করেন। এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।’

শেখ হাসিনা বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে নৈতিক এবং বৈষয়িক সহযোগিতা প্রদানের জন্য আজারবাইজানের প্রতি ধন্যবাদ জানান। দুই নেতাই আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে আজারবাইজানে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রটি আরো প্রসারিত হবে।

এলিয়েভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজারবাইজানের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এলিয়েভ তা সাদরে গ্রহণ করেন।

বাংলাদেশ ও নেপালের মধ্যে পিটিএ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং নেপালের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের অংশ হিসেবে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, পিটিএ দ্রুত বাস্তবায়ন করা গেলে দুই দেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক সুবিধা লাভ করবে। ১৮তম ন্যাম সম্মেলনের ফাঁকে গতকাল শনিবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

শহীদুল হক বলেন, দুই প্রধানমন্ত্রী যোগাযোগ, বন্দর সুবিধা এবং ব্যবসা-বাণিজ্য জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল) উদ্যোগ সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, এটির বাস্তবায়নে ভুটানের একটি সমস্যা রয়েছে। তবে নেপাল এটির বাস্তবায়নে সম্মত হয়েছে।

হেবরনে বঙ্গবন্ধুর নামে সড়ক

হবে :ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন তাদের হেবরন শহরের একটি সড়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি গতকাল শনিবার ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাকু কংগ্রেস সেন্টারে দ্বিপক্ষীয় বুথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে একথা বলেন। তিনি এ সড়কের নামফলক উন্মোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সাক্ষাত্ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

আজারবাইজানের শহিদদের

প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আজারবাইজানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বিকালে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ প্রধানমন্ত্রীর অন্য সফর সঙ্গীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।