বাংলাদেশের ক্রিকেটারদের আন্দোলনের রেশ এখনো শেষ হয়ে যায়নি। এর মধ্যেই নতুন করে আলোড়ন তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে। গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় সাকিব আল হাসানের বিপক্ষে আইনি ব্যবস্থা নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে সাকিবকে নোটিশ দেওয়া হবে বলে গতকাল জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ধর্মঘট চলা অবস্থায় গ্রামীণফোনের সঙ্গে চুক্তি অনুষ্ঠান করেছেন সাকিব। এই চুক্তিকে বেআইনি মনে করছে বিসিবি। তাদের আইন অনুযায়ী কোনো ক্রিকেটার টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চাইলে আগে বিসিবির অনুমতি নিতে হবে। সাকিব সেটা নেননি।
গ্রামীণফোনের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে গতকাল বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করার কথা নয়, করতে পারে না। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা ঐ টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে। ওদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এটি কেন করল, আগে তো ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেই কারণে ওকে আমরা চিঠি দিচ্ছি। তবে একটা ব্যাপার হলো—এটি কোনোভাবেই সে করতে পারে না, সম্পূর্ণভাবে বেআইনি।’
জাতীয় দলের বর্তমান টাইটেল স্পন্সর ইউনিলিভার। তাদের আগে টাইটেল স্পন্সর ছিল টেলিকম কোম্পানি রবি। সেই সময় জাতীয় দলের কয়েক জন ক্রিকেটারের অন্য টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি থাকায় মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বিসিবি। কারণ মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে সরে গিয়েছিল রবি।