ইথিওপিয়ায় নোবেলজয়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৬৭

ইথিওপিয়ায় নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে জাতিগত সংঘর্ষে ৬৭ জন নিহত এবং আহত হয়েছেন অনেকে। শুক্রবার ওরোমিয়া রাজ্যে এই বিক্ষোভের ঘটনা ঘটে। তবে প্রধানমন্ত্রী আবি বিক্ষোভের বিষয়ে চুপ রয়েছেন। খবর দ্য গার্ডিয়ান ও নিউ ইয়র্ক টাইমসের

আঞ্চলিক পুলিশের প্রধান কেফালেও তেফেরা জানিয়েছেন, বিক্ষোভের ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে ৫ জন পুলিশ সদস্য। যদিও পুলিশ জানিয়েছে, ওরোমিয়ার সংঘর্ষ শেষ হয়ে গেছে। কিন্তু ইথিওপিয়ার অ্যামেনস্টি ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধি জানিয়েছেন, এখনো কিছু কিছু এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এর আগে রাজধানী আদ্দিস আবাবা থেকে বিক্ষোভ শুরু হয়। বুধবার জাওয়ার মোহাম্মাদ নামে একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মীর ওপর পুলিশের আক্রমণের পর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওরোমিয়ায়। ইথিওপিয়ায় ২০২০ সালের সাধারণ নির্বাচনে আবি আহমেদের বিরুদ্ধে জাওয়ার একজন শক্ত প্রতিদ্বন্দ্বি। জাওয়ার মোহাম্মাদের অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ ইথিওপিয়ায় একনায়কতন্ত্র কায়েম করেছেন। এদিকে প্রধানমন্ত্রী আবি আহমেদ রাশিয়ায় অবস্থান করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি তিনি বিক্ষোভের বিষয়ে কোনো মন্তব্যও করেননি। সম্প্রতি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আবি আহমেদ।