বোরহানউদ্দিনের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে নবি করিম (সা.)কে কটূক্তির অভিযোগে জনতা-পুলিশ সংঘর্ষে চার জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল শনিবার ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের কাছে কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমান এ প্রতিবেদন জমা দেন।

তিনি জানান, কমিটির রিপোর্ট প্রদানের কথা ছিল গত বৃহস্পতিবার। জেলা প্রশাসকের কাছ থেকে দুদিন সময় বাড়িয়ে নিয়ে শনিবার সকালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে কী আছে বলতে তিনি রাজি হননি। কারণ হিসেবে বলেন, এ ব্যাপারে উচ্চ আদালতের কিছু নির্দেশনা রয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তদন্তে ঘটনার পূর্বাপর সব বিষয়, পুলিশের ওপর হামলা, মন্দির ও হিন্দুবাড়িতে হামলার মোটিভ এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।

এদিকে, বোরহানউদ্দিনে সংঘর্ষে নিহত চার জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। গতকাল ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিহতদের বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন। এর আগে এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলায় তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জানান, ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে নিহতদের পরিবারকে এ আর্থিক সহায়তা দেয়া হয়।