জেপির আসন্ন কাউন্সিল হবে দেশ-জাতির জন্য নির্দেশনামূলক —শেখ শহীদ

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেছেন, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠেয় জেপির ত্রিবার্ষিক কাউন্সিল হবে দেশ-জাতির জন্য যথাযথ নির্দেশনামূলক একটি রাজনৈতিক অনুষ্ঠান, যা হবে দেশ ও জাতিকে আগামীদিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার পথে এক দীপ্ত পদক্ষেপ। এই কাউন্সিলে দেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা; দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদ-শোষণ নির্মূলকরণ; সামাজিক ন্যায়বিচার; জবাবদিহিতা ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ে তোলার  লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেপির সম্পাদকমণ্ডলীর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় শেখ শহীদ জেপিকে সুসংগঠিত করার জন্য দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত কর্মসূচি গ্রহণের জন্য দলের আসন্ন কাউন্সিলের ওপর গুরুত্বারোপ করেন। সভায় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত উপ-পরিষদকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। সভার শুরুতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি-জাপার প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ, পাবনা জেলা জেপির সভাপতি আবুল কাশেম ও মেহেরপুর জেলা জেপির ছাত্রবিষয়ক সম্পাদক শুভা রাজমিন হুসনার ইন্তেকালে এবং বুয়েটের ছাত্র আবরার হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় জেপির প্রেসিডিয়াম সদস্য—আব্দুর রহিম, এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা ও নাজমুন্নাহার বেবী, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল, মীর হারুনার রশিদ, শরীফ শফিকুল হামিদ চন্দন, মোহাম্মদ হোসেন রেনু ও আব্দুল আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ অংশ নেন।

শেখ শহীদের ৭২তম জন্মদিন উদ্যাপন

জাতীয় যুব সংহতির উদ্যোগে গতকাল জেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের ৭২তম জন্মদিন উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক মাহফুজ আলমের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শেখ শহীদকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব সংহতির সহসভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, সদস্য ফারুক হোসেন, জুবাইরুল ইসলাম মঞ্জু, আয়তুল হোসেন প্রমুখ। জন্মদিন উপলক্ষ্যে জেপির সাধারণ সম্পাদক কেক কাটেন এবং সবার দোয়া কামনা করেন।