আমাদের চলমান স্লোগান দুর্নীতির বিরুদ্ধে —আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের কাউকে ক্ষমা করবেন না। যারা বিপথগামী হয়েছে তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। এমনকি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যারা অপকর্মের সঙ্গে জড়িত তিনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কার্পণ্য করছেন না। শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন উপলক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুননাহার ভুঁইয়া, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামাদ সরকার, সিটি কাউন্সিলর মাওলানা মনজুর হোসেন প্রমুখ।

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন—মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি—এই চারটি দানবের বিরুদ্ধে আমাদের লড়াই। এসব দানব নির্মূলে আমাদের অভিযান চলছে, এ অভিযান চলমান থাকবে।