আগামী মাসে লন্ডন স্টক এক্সচেঞ্জে টাকা বন্ড ছাড়া হবে :অর্থমন্ত্রী

আগামী মাসে লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা টাকা বন্ড চালু করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) মাধ্যমে এই বন্ড ছাড়া হবে। যুক্তরাজ্য প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বৃহস্পতিবার রেমিট্যান্স নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্সের ওপর প্রণোদনা জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়েছে। যারা ঐ সময় থেকে বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠিয়েছেন, তারা রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের প্রাপ্য প্রণোদনা গ্রহণের ব্যবস্থা নিতে পারেন। যারা ১ জুলাই ২০১৯ থেকে রেমিট্যান্স প্রেরণ করেও প্রণোদনা পাননি তারা এখন দাবি করলে বকেয়া প্রণোদনার অর্থ পাবেন।

রেমিট্যান্স প্রেরণকারীরা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। বৈধ পথে প্রবাসীরা যত খুশি রেমিট্যান্স পাঠাতে পারেন। এর পরিমাণ প্রতি ট্রানজেকশনে ১৫০০ ডলারের বেশি না হলে যুক্তরাজ্যে বা বাংলাদেশে কেউ কোনো প্রশ্ন তুলবে না। বরং প্রেরিত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা রেমিট্যান্স প্রেরণকারীকে দেওয়া হবে। এ জন্য ইতিমধ্যে সরকার ৩ হাজার ৬০ কোটি টাকার অর্থ বরাদ্দ দিয়েছে। অনুষ্ঠানে ২০টিরও বেশি রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

লন্ডনের আলোচনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ঘোষণা করেন ২০২০ সাল থেকে প্রতি বছর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ প্রতি বছরই বাড়ছে। প্রণোদনা দেওয়ার ফলে রেমিট্যান্সের পরিমাণ আগামী বছর রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।