সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বুড়ামারার খাল দখল করে মাছ চাষ করছে প্রভাবশালীরা। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতায় ফসল ফলাতে না পেরে দুর্ভোগে রয়েছেন তিন ইউনিয়নের কৃষকরা।
সরেজমিনে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার, ব্রক্ষ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়নের ৩০টি গ্রাম ও ১৩টি বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ ফিংড়ি ইউনিয়নের বুড়ামারার খাল। দীর্ঘ প্রায় ১৬ বছর যাবত্ এই খালের মধ্যে অসংখ্য নেট-পাটা ও বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করে সেখানে মাছ চাষ করছেন এলাকার প্রভাবশালীরা। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বুড়ামারাসহ আশপাশের ১৩টি বিলের প্রায় ২০ হাজার একর জমিতে কোনো ধরনের ফসল ফলাতে পারছে না স্থানীয় কৃষকরা। এছাড়া ফিংড়ি, গাভা, হাবাসপুর, কুলতিয়া, সুলতানপুর, সর্বকাশেরপুর, জোড়দিয়া, ব্যাংদহ, বালিথা, এল্লারচর, শিমুল বাড়িয়া, জি-ফুলবাড়িয়া, চাঁদপুর, ধলিহর, ব্রক্ষ্মরাজপুরসহ ঐ এলাকার ৩০টি গ্রামের হাজার হাজার মানুষ বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
ফিংড়ি ইউনিয়নের গবরদাড়ি গ্রামের রিপন হোসেন ও সর্বকাশেমপুর গ্রামের মোজাম্মেল হক মোড়ল জানান, গত প্রায় ১৬ বছর ধরে বর্ষা মৌসুমে আমাদের গ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে। বিলে কোনো ধরনের ফসল ফলাতে পারছি না। স্থানীয় কয়েকজন প্রভাবশালী খালে নেট-পাটা দিয়ে মাছ চাষ করছে। ফলে পানি আমদখালি স্লুইসগেট পর্যন্ত যাচ্ছে না। সারাবছর ধরে বিলে পানি জমে থাকছে। দখলদারদের বিরুদ্ধে কথা বললেই তারা বাড়িতে হামলা, মামলা, হয়রানি করছে।
ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামছুর রহমান বলেন, সরকারি লোকজন কিছুদিন আগে এলাকায় গিয়ে নেট-পাটা অপসারণ করেছে বলে শুনেছি। কিন্তু তারপরেও কিছু কিছু এলাকায় নেট-পাটা থাকতে পারে। তিনি বলেন, বিল থেকে নদী উঁচু হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। নেট-পাটা পানি নিষ্কাশনের তেমন একটা বাধা নয়।
ফিংড়ি ইউনিয়নের তহশিলদার মিজানুর রহমান বলেন, গত ৩০ সেপ্টেম্বর ৮/১০ জন লোক নিয়ে বুড়ামারার খালের নেট-পাটা অপসারণ করা হয়েছে। আমি চলে আসার পর তারা আবার খাল দখল করে নিলে আমার কি করার আছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, অবৈধ দখলদাররা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বুড়ামারার খালে তহশিলদারের অভিযানের পর আবারও কিভাবে নেট-পাটা বসানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।