জাতীয় নেতা ও বাংলার বাঘখ্যাত শেরেবাংলা ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন শেরেবাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, শেরেবাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, সচেতন নাগরিক কমিটি (সনাক)র সভাপতি প্রফেসর শাহ সাজেদা। উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও বরিশাল সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে শেরেবাংলা একে ফজলুল হকের বর্ণাঢ্য জীবনী নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর একে ফজলুক হক বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।