চট্টগ্রাম বিভাগের ছয় জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূলের প্রতিনিধি সভায় এই তারিখ ঘোষণা করা হয়।
প্রতিনিধি সভায় জানানো হয়, আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি, ২৫ নভেম্বর রাঙ্গামাটি, ২৬ নভেম্বর বান্দরবান, ৩০ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার সকল উপজেলা সম্মেলন শেষ করে ১০ ডিসেম্ভরের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১১ নভেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে রবিবার সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্যে দিয়ে প্রতিনিধি সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে দিক- নির্দেশনামূলক বক্তব্য দেন।
অন্যদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনের এম এ লতিফ এমপি, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার নেতাকর্মী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর, পৌর মেয়র, দলীয় ইউপি মেম্বারসহ প্রায় সাড়ে ৩ হাজারেরও বেশি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী উত্সবমুখর পরিবেশে সভায় যোগ দেন।