চট্টগ্রামে সাত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রামে প্রায় ৫২৪ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার সকাল ১০টায় আগ্রাবাদ সড়ক ভবনের সম্মেলন কক্ষে তিনি এসব প্রকল্পের কাজ উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—প্রায় ৪৫৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত চার লেন প্রকল্প, ১ কোটি টাকা ব্যয়ে ফটিকছড়ি সড়ক উপ-বিভাগ অফিস কাম পরিদর্শন বাংলো নির্মাণ প্রকল্প, শাহ আমানত সেতুর ইলেকট্রনিক্স টোল সিস্টেম ও ওজন স্কেলের কার্যক্রম, ৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ৪৪ কিলোমিটারে ৩১ দশমিক ৮২ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু প্রকল্প, সীতাকুন্ডের বড় দারোগারহাট ওজন স্কেলের নবনির্মিত পঞ্চম লেনের কার্যক্রম।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোলাইন করা হবে। সেই লক্ষ্যে রোডস অ্যান্ড হাইওয়েকে সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দিয়েছি। খুব শিগিগরই সম্ভাব্যতা যাচাই করার কাজ শুরু হবে।