শমশেরনগর চা-বাগানে স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কশপ

চা-বাগানসমূহে নারী শ্রমিকদের মধ্যে জরায়ু ক্যানসারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চা শিল্পাঞ্চলে নারী শ্রমিকদের ক্ষেত্রে এটি প্রকটতর হয়ে উঠছে। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিত্সাব্যবস্থা প্রদানের লক্ষ্যে স্থানীয়ভাবে কাজ করছে জাগরণ যুব ফোরাম।

জাগরণ যুব ফোরামের সঙ্গে পার্টনারশিপ স্বেচ্ছাসেবামূলক সংগঠন প্রজেক্ট কন্যার সামাজিক উদ্যোগে ‘আধী’র আয়োজনে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে মেয়েদের মাসিক স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কশপ ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠানে ঢাকার চিকিত্সকরা রোগী দেখে বিনামূল্যে ওষুধ প্রদান করেন। অনুষ্ঠানের মাধ্যমে প্রজেক্ট কন্যা তাদের উদ্যোগ ‘আধী’র মাধ্যমে শমশেরনগর চা বাগানের নারী শ্রমিকদের অর্ধেক মূল্যে কাপড়ের তৈরি পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা করে। পরে মেডিক্যাল ক্যাম্পে ঢাকার বিভিন্ন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারগণ দিনব্যাপী চা-বাগানের নারীদের বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করেন।