এক ঝাঁক তারকা নিয়ে রাজধানীতে আওয়ামী লীগের প্রচারাভিযান

নৌকাকে বিজয়ী করার আহ্বানে রাজপথে নামলেন রুপালি জগতের এক ঝাঁক তারকা। তাদের সঙ্গে সামিল ছিলেন সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, নাট্যকর্মী, খেলোয়াড়রাও। তারাকাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের প্রচারাভিযান উদ্বোধন করা হয়। এরপর বিশিষ্টজন, তারাকাসহ আওয়ামী লীগ নেতারা গাড়িতে করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নৌকায় ভোট চান। ঢাকার বিভিন্ন রাস্তায় কভার্ডভ্যানে করে প্রচারপত্রও বিলি করেন তারা।

একটি মোটরসাইকেলের পেছনের আসনে বড় একটি জাতীয় পতাকা নিয়ে একজন মুক্তিযোদ্ধা বসা। তার পেছনে একটি ছাদখোলা গাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এই গাড়িকে অনুসরণ করে চলছে বহরের বাকি গাড়িগুলো। কোনো গাড়িতে বাজছে ‘এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও’, আবার কোনো গাড়িতে উন্নয়নের গান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রচারাভিযানের গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দিয়ে টিএসসি, শাহবাগ মোড়, বাংলামোটর মোড়, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে থামে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপ-কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টার দিকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রারাভিযানের উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আমরাই বিজয়ী হব। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছি। এবার ২০১৮ সালে আমরা আজ শপথ নেব-একাত্তরের পরাজিত শক্তি, সাম্প্রদায়িক অপশক্তি যার নেতৃত্বে রয়েছে ‘মুক্তিযোদ্ধা বাই চান্স’ জেনারেল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি, এই দল খুনিদের দল, এই দল দুর্নীতিবাজদের দল, তাদের আমরা পরাজিত করব।

চিত্রনায়ক শাকিল খানের ছাদখোলা গাড়িতে ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। একই গাড়িতে দলটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন। তাদের গাড়িটি প্রচারাভিযানের শুরুতে স্লোগান দিয়ে চলতে শুরু করে। তারকারা সবার কাছে গত ১০ বছরের উন্নয়ন ও বিএনপি-জামায়াত জোট সরকারের উন্নয়নের তুলনামূলক হিসাবের তথ্য সংবলিত একটি বই ও বিএনপি-জামায়াতকে ভোট না দিতে লিফলেট বিতরণ করেন। প্রচারাভিযানে ছিলেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ক্রীড়া ব্যক্তিত্ব সত্যজিত্ দাস রুপু, আশরাফ উদ্দিন চুন্নু, কবি তারিক সুজাত, অভিনেতা জাহিদ হাসান, শাকিল খান, মাহ্ফুজ আনাম, শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নূতন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানভীন সুইটি, আজমেরী বাঁধন, মাহফুজ, শামীমা তুষ্টি, চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক, কণ্ঠশিল্পী এস ডি রুবেল, সায়মন প্রমুখ। সংস্কৃতি কর্মীরা পাঁচটি ট্রাকে করে প্রচারণায় অংশ নেন।