চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুরের সেতাউর বিশ্বাসের ছেলে আবুল হোসেন।

মামলার নথির উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি রাত আড়াইটায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল আবুল হোসেনের হাকিমপুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ কেজি ১৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরের দিন সদর থানায় র্যাবের এসআই ঠাকুর দাস রায় বাদী হয়ে মামলা দায়ের করেন।