বরিশালে দ্বিতীয় দিনের খেলাও পণ্ড

বরিশালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের বহুল প্রতীক্ষিত চার দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় গতকাল রবিবার দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন শেষে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি এ এস এম রকিবুল হাসান। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে আগামীকাল সোমবার তৃতীয় দিন খেলা শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল গত শনিবার, কিন্তু গত শুক্রবার থেকে অঝোরে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী থাকায় ঐ দিনের উদ্বোধনী স্থগিত করা হয়। মাঠ ভেজা থাকায় প্রথম দিনের পর গতকাল দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এদিকে বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচ ঘিরে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। দূর-দূরান্ত থেকে শত শত ক্রিকেট ভক্ত বরিশাল স্টেডিয়ামে এসে গতকালও দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার খবর শুনে নিরাশ হয়ে ফিরে যান।