পরিচালক অরণ্য পলাশ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গন্তব্য’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেন তিনি। এখন জীবিকার তাগিদে রাজধানীর একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছেন। বাবার পেনশনের টাকা, জায়গা-জমি, স্ত্রীর গহনা বিক্রি করে ৭০ লাখ টাকায় গন্তব্য চলচ্চিত্র নির্মাণ করেন।
চলচ্চিত্র নির্মাণ করে লগ্নিকৃত টাকা তুলতে না পেরে চাকরির আশায় নানাজনের কাছে ঘুরে ব্যর্থ হয়ে মাস দুয়েক আগে মিরপুরের একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ নিয়েছেন। পলাশ বলেন, ‘হাত পাততে পারতাম না কারো কাছে। চাকরির জন্য কেউই সহযোগিতা করেনি। পরে চিন্তা করলাম, ওয়েটার হিসেবে কাজ করবো। মাস দুয়েক আগে থেকেই হোটেলে কাজ শুরু করেছি।’
অরণ্য পলাশ জানান, কয়েক বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ শুরু করেছিলেন। ছবির মূল প্রযোজক সরে যাওয়ায় নিজের প্রযোজনায় ছবিটির নির্মাণ শেষ করেন।
তিনি আরো জানান, অর্থের অভাবে ছবিটি মুক্তি দিতে পারছেন না। একটি টেলিভিশন চ্যানেলের কাছে ছবিটি বিক্রির কথা থাকলেও শেষ মুহূর্তে বিক্রি করতে না পেরে ৩০ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছেন।