আম্পায়ারকে গালি দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে জরিমানার মুখে পড়েছিলেন নাসির হোসেন। ম্যাচ ফির ২৫ ভাগ জরিমানার সঙ্গে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তাই তৃতীয় রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগের একাদশেই ছিলেন না নাসির। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নাসিরের। তৃতীয় রাউন্ডেই মাঠে নামার সুযোগ পেয়ে গেছেন তিনি। মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের জন্য ডাক পেয়েছেন রংপুরের একাদশে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন।
রিশাদের বদলি হিসেবে নেমে সুযোগটা কাজে লাগিয়েছেন নাসির। হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার হাফ সেঞ্চুরিতেই কক্সবাজারে প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে ৬২ রানে এগিয়ে আছে রংপুর। গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান। নাসির ৫৫, ধীমান ঘোষ ১৪ রানে অপরাজিত আছেন।
কক্সবাজারে অপর ম্যাচে খুলনার প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৭১ রানে। গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ঢাকা বিভাগের সংগ্রহ ২ উইকেটে ২০৬ রান। সাইফ হাসান ৪১ ও রকিবুল হাসান ৩৮ রানে ব্যাট করছেন।
নাসিরসহ এনসিএলের আট দল থেকে মোট ৯ জন ক্রিকেটার গতকাল জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে যোগ দিতে ঢাকায় এসেছেন। রাজশাহীতে সাব্বির রহমানের জায়গায় মোহাইমিনুল খান, তাইজুল ইসলামের জায়গায় সাকলাইন সজীব, নাজমুল হোসেন শান্তর জায়গায় ইফতেখার সাজ্জাদ খেলতে নেমেছিলেন। রংপুরের রিশাদের জায়গায় নাসির খেলছেন। খুলনায় মোহাম্মদ মিঠুনের জায়গায় মইনুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের জায়গায় ইমরানুজ্জামান খেলতে নামেন। এছাড়া চট্টগ্রাম থেকে ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসান ও সিলেট থেকে এবাদত হোসেন এসেছেন।
আগের দিনের ২ উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমে গতকাল আরও ৪ উইকেট হারিয়ে ২৩১ রান যোগ করেছে রংপুর। হাফ সেঞ্চুরি করেছেন মেহেদী মারুফ ও নাঈম ইসলাম। মেহেদী মারুফ ৭৮, নাঈম ৫৪ রান করেন। তারপর আরিফুল হকের ৪৭ ও নাসিরের ৫৫ রানে আড়াইশ ছাড়ায় রংপুরের স্কোর। রাজশাহীর ইফতেখার সাজ্জাদ দুটি উইকেট পান।
ঢাকার বিপক্ষে গতকাল শেষ চার উইকেটে ৮১ রান যোগ করে খুলনা। জিয়াউর রহমান ২৭, রাজ্জাক ৩২, রুবেল ২২ রান করেন। ঢাকার পক্ষে সুমন খান, তাইবুর রহমান ৩টি করে উইকেট পান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা ভালোই হয়েছে। রনি তালুকদার ও জয়রাজ শেখ হাফ সেঞ্চুরি করেছেন। রনি তালুকদার ৭৩, জয়রাজ শেখ ৫১ রান করেছেন। ১২৫ রানে ২ উইকেট হারানো ঢাকার হয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন সাইফ হাসান ও রকিবুল হাসান। ৮১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা। খুলনার পক্ষে রুবেল ও মইনুল ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :(দ্বিতীয় দিন শেষে)
রাজশাহী-রংপুর বিভাগ
রাজশাহী ১ম ইনিংস :২০১
রংপুর ১ম ইনিংস :১০৭ ওভারে ২৬৩/৬ (মারুফ ৭৮, নাঈম ৫৪, আরিফুল ৪৭, নাসির ৫৫*, ধীমান ১৪*; দেলোয়ার ১/৪৫, তাইজুল ১/১৫, ইফতেখার ২/২১, সাকলাইন ১/৮)
খুলনা-ঢাকা বিভাগ
খুলনা ১ম ইনিংস : ১১১.১ ওভারে ৩৭১ (মিরাজ ৩০*, রাজ্জাক ৩২, রুবেল ২২, হালিম ৭*, ইমরান ১; সুমন খান ৩/২২, সালাউদ্দিন শাকিল ১/২০, শুভাগত ২/১৩, তাইবুর ৩/৪১)
ঢাকা ১ম ইনিংস: ৫৫.৫ ওভারে ১৭৫/২ (রনি ৭৩, জয়রাজ ৫১, সাইফ হাসান ২৬*, রাকিবুল ২৪*; রুবেল ১/১০, মইনুল ১/৩৭)
দ্বিতীয় স্তর
দ্বিতীয় দিনের খেলাও
পরিত্যক্ত
স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের চারটি দলকেই অপেক্ষায় রেখেছে বৈরী আবহাওয়া। বৃষ্টির কারণে দ্বিতীয় স্তরের দুটি ম্যাচেই প্রথম দিনে খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে দুই ভেন্যুতে। চার দিনের ম্যাচের টানা দুই দিন খেলা পণ্ড হলো। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। তাই কোনো বলই মাঠে গড়ায়নি দুই ম্যাচে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচে কোনো টসই হয়নি দুই দিন অতিবাহিত হওয়ার পরও। একই চিত্র রয়েছে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেট ম্যাচে। আবহাওয়ার উন্নতি হলে আজ তৃতীয় দিনে মাঠে গড়াতে পারে খেলা।