ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে মহানবি (স)কে কটূক্তির ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষে চার জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর গঠিত পুলিশের পাঁচ সদস্যের তদন্ত দল গতকাল রবিবার ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
তদন্ত সংশ্লিষ্টরা ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ভিডিও ফুটেজ পর্যালোচনা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পরিদর্শন এবং তাদের বক্তব্য গ্রহণের পাশাপাশি ঘটনাসংশ্লিষ্ট সব বিষয়ের সূক্ষ্ম পর্যালোচনা করবেন। ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, গত ২০ অক্টোবর বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।