ভোলার ঘটনা কারা ঘটিয়েছে শিগিগর জানা যাবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জা-মান খান কামাল জানিয়েছেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ের যে বিষয়টি সেটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার কাজ করছে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ঘটনায় কারা জড়িত শিগগির জানা যাবে। সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগে যাকে আটক করা হয়েছে, তিনি বলছেন আইডি হ্যাক করে এসব করেননি। তাহলে প্রশাসন এখন কী বলবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যে কথা বলছেন, আমরাও মনে করি সেই রকমই কিছু। যেহেতু এটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার পরীক্ষা-নিরীক্ষা করছে, সেহেতু পরীক্ষার আগে আমরা কিছু বলতে পারব না।’ তিনি বলেন, ‘আমরা কয়েকজনকে আটক করেছি। হ্যাকার হোক আর যে-ই হোক, ঘটনা যে ঘটিয়েছে আমরা তার ব্যবস্থা গ্রহণ করছি এবং করব। খুব শিগগির কে ঘটনাটি ঘটিয়েছে, কে নেতৃত্ব দিয়েছে, কার কী উদ্দেশ্য ছিল—সবই একে একে আপনাদের সামনে হাজির করব।’

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবির কথা  প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। সম্প্রতি শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আজকে যে শুদ্ধি অভিযানের কথা বলেন, কিংবা দুর্নীতিবাজদের চিহ্নিত করছেন, তার কারণ তিনি সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইছেন। এতে যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে হয়তো আমরা আবারও পথ হারাব। মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তোমরা সব সময় মুক্তিযুদ্ধের কথা বলবে, দেশের কথা বলবে, দেশের বীরত্বের কথা বলবে।’