আড়াইহাজারে ওয়েল্ডিং কারখানার আধিক্য

নিয়মনীতির তোয়াক্কা না করে আড়াইহাজার উপজেলা সদর ও প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে যত্রতত্রভাবে গড়ে উঠেছে ওয়েল্ডিং কারখানা। এসব কারখানায় ওয়েল্ডিং কাজ চলার সময় বিচ্ছুরিত অতি উজ্জ্বল আলোক রশ্মি পথচারীদের চোখের ক্ষতি করছে।

সরেজমিনে দেখা যায়, আড়াইহাজার ও গোপালদী বাজারের বিভিন্ন সড়কে ওয়েল্ডিং কারখানা গড়ে ওঠায় পথচারী, কোমলমতি ছেলে-মেয়েসহ সকলেরই সমস্যা হচ্ছে। এছাড়া উপজেলার রামচন্দ্রদী, মানিকপুর, দুপ্তারা, কালিরহাট, জাঙ্গালিয়া, উচিত্পুরাবাজারসহ কমপক্ষে ১৫/২০টি বাজারে দুই শতাধিক ওয়েল্ডিং কারখানা রয়েছে। এসব কারখানায় দিনে/রাতে দোকানের সামনে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ঝালাইয়ের কাজ চলে। আর এ থেকে বিচ্ছুরিত আলোক রশ্মির কারণে শহরের স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণ চোখের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলার দুই পৌর এলাকাতেই এসব ওয়েল্ডিং কারখানার সংখ্যা শতাধিক। কারখানার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ব্যস্ততম সড়কগুলোর দুই ধারে এসব কারখানা গড়ে ওঠায় লোকজনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আড়াইহাজার থেকে বিশনন্দী ফেরিঘাট পর্যন্ত ১০/১২টি ওয়েল্ডিং কারখানা রয়েছে।