সন্তানের সামনেই গৃহবধূকে গণধর্ষণ!

ভোলার মনপুরায় ছাত্রলীগের সাবেক নেতাসহ পাঁচ দুর্বৃত্ত এক গৃহবধূকে তার শিশুসন্তানের সামনেই দল বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও  হুমকি দিয়েছে ছাত্রলীগের ঐ নেতা। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মনপুরা থানায় পাঁচ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচায় বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্পিডবোটে ঐ গৃহবধূ মনপুরায় শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরন (২৬) জোরপূর্বক বোটটি পার্শ্ববর্তী নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে গিয়ে আড়াই বছরের শিশুসন্তানের সামনেই ঐ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে খবর পেয়ে বোটটির মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। একপর্যায়ে সেও গৃহবধূকে ধর্ষণ করে। নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করে এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। অভিযুক্তদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন ওসি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের বাথানিয়ারা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর পিয়াল থেকে পুলিশ ঐ গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকেরা পালিয়ে যায়।