বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
নেত্রকোনা: নেত্রকোনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল (২৪) হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তোফাজ্জল কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাপায় রুখসানা আক্তার নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শহরের টিঅ্যান্ডটি গেট সরকারি স্টাফ কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফিয়া ভোলার শেখ ফরিদ ও শাহিনা বেগমের মেয়ে।
বরিশাল: নগরীর ফরিয়াপট্টি এলাকায় গতকাল ট্রাকের চাপায় আলামিন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ হেলপারকে আটক করেছে।
কামারখন্দ (সিরাজগঞ্জ): কামারখন্দে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী শহিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের বাসিন্দা।
কিশোরগঞ্জ: সদর উপজেলার লতিফাবাদ নামক স্থানে অনন্যা সুপার পরিবহনের একটি বাসের চাকায় মুন্না (১২) নামে একজন নিহত হয়। মুন্না উত্তর চরপাড়া গ্রামের নাজিমউদ্দিনের পুত্র।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী অজ্ঞাত এক যুবক (৪০) নিহত হয়েছেন। গতকাল শহরের গোল চত্বরের হাটিকুমরুল-বোনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পত্নীতলা (নওগাঁ): পত্নীতলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিথী (১২) নামে একজন যাত্রী নিহত ও আরো সাত জন আহত হয়েছেন। গতকাল সাপাহার-নজিপুর আঞ্চলিক মহাসড়কের নকুচা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিথী উপজেলার বহিরামপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে।