ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডেমু ট্রেন লাইনচ্যুত

নারায়ণগঞ্জ:ফতুল্লা থানাধীন পাগলা ওয়াসা এলাকায় গতকাল রবিবার দুপুর ২টার দিকে কমলাপুর-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী ডিজেল ইলেকট্রিক মালটিপল ইউনিট (ডেমু) ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এতে করে দারুণ সমস্যায় পড়ে যান যাত্রীরা। রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলী আকবর জানান, ঘটনার পর ঢাকা থেকে উদ্ধারকারীরা গিয়ে লাইন মেরামত করে ট্রেনের বগিটি লাইনে তোলার কাজ শুরু করেছে    —ইত্তেফাক