আড়াইহাজার উপজেলায় গতকাল রবিবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী বাগানবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ডাকাত আবু সাইদ ছৈটকা (৩৫) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোরকারদিয়া গ্রামের নাজিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় হত্যা, ডাকাতিসহ আট/দশটি মামলা রয়েছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদায় ছৈটকার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওসি তদন্ত শফিকুল ইসলাম ও এসআই হুমায়ুন কবির। পরে তার স্বীকারোক্তি মতে গতকাল ভোরে ডাকাত দলের অন্য সদস্যদের আটক করতে অভিযানে গেলে ইলমদী এলাকায় আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায় ও গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ছৈটকা নিহত হয় এবং আহত হয় পুলিশের চার সদস্য। আহত পুলিশ সদস্যরা হলেন: এসআই সিরাজুল ইসলাম, এএসআই সবুজ চন্দ্র বর্মণ, কনস্টেবল লিমন ও রফিকুল ইসলাম। ডাকাত ছৈটকার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানার এসআই মো. শামীম আহমেদ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।