যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উদ্যোগে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন শুরু

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উদ্যোগে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন শুরু হয়েছে। ডিজাস্টার রেসপনস এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ডিআরইই) বাংলাদেশ ২০১৯ হচ্ছে একটি ভূমিকম্প দুর্যোগবিষয়ক অনুশীলন, যা ২০১০ সাল থেকে বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ উদ্যোগে অনুশীলনটি অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ডিআরইই বাংলাদেশ ২০১৯ উদ্বোধন করেছেন। ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এই অনুশীলনের মূল উদ্দেশ্যসমূহ সম্পর্কে আইএসপিআর জানিয়েছে, ভূমিকম্প মোকাবিলায় সার্চ অ্যান্ড রেসকিউ, কমিউনিকেশন, মেডিক্যাল, শেল্টার, রিলিফ কার্যক্রম ইত্যাদির আলোকে ডিজাস্টার ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম (ডিআইএমটি) প্রতিষ্ঠার মাধ্যমে নিজস্ব সক্ষমতা যাচাই ও মজবুত করা, দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান ও অনুশীলন বৃদ্ধি করার মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাসমূহ জাতীয় ব্যবস্থার সঙ্গে একীভূতকরণের প্রয়াস নেওয়া এবং অনুরূপ অনুশীলন যাতে বিভাগীয় দপ্তরের পরিকল্পনাকারী বা দুর্যোগ সমন্বয়কারী (সামরিক ও অসামরিক) স্থানীয় পর্যায়ে আয়োজন করতে পারে, তার প্রশিক্ষণ প্রদান করা।

ডিআরইই বাংলাদেশ ২০১৯ অনুশীলনে ২৩৭টি বিভিন্ন সংস্থা থেকে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী অংশ নেবেন। এফটিএক্সের সময় অংশগ্রহণকারীর সংখ্যা হবে প্রায় ১ হাজার ২০০। এছাড়া ২০ টিরও বেশি দেশের শতাধিক অংশগ্রহণকারী এই অনুশীলনে যোগ দিচ্ছেন। এ ধরনের অনুশীলন ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। এবারের মূল প্রতিপাদ্য ‘রিজিলেন্স থ্রো প্রিপারডনেস’ সামনে রেখে ডিআরইই বাংলাদেশ ২০১৯ দুর্যোগ ব্যবস্থাপনার একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।