খালেদা জিয়ার সুস্থ অবস্থায় ফিরে না আসার আশঙ্কা দেখা দিয়েছে —মির্জা ফখরুল

কারাবন্দি খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ অবস্থায় ফিরে না আসার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। ১৯৭৮ সালে জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন।

বিএনপি মহাসচিব বলেন, সবাই দেখেছেন খালেদা জিয়া সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছিলেন। আজকে তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজ হাতে খাবার খেতে পারেন না, এক পায়ে হাঁটতে পারেন না। পিজিতে তার সঠিক চিকিত্সা সম্ভব নয়। খালেদা জিয়া বিদেশে চিকিত্সা নিতে চান কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জামিন পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন কোথায় চিকিত্সা করাবেন। আমরা বারবার বলেছি জামিন তার অধিকার, কিন্তু সরকার ইচ্ছাকৃত জামিন আটকে রেখেছে। জামিন যেন না হয়, সে জন্য ব্যবস্থা নিয়েছে। গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন, সেই নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।