নবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ঢাকার নবাবগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রলীগ এর আয়োজন করে। বুধবার সন্ধ্যায় দোহারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের মিছিলে বিএনপির হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ চত্বর থেকে বের হয়। পরে কায়কোবাদ চত্বর ঘুরে উপজেলা ফটক প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা বলেন, দোহারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের উপর বিএনপির হামলা ও দুইটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াত জোট নির্বাচন বানচাল করতে এ হামলা করেছে। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে এ হামলার জবাব দেওয়া হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রমুখ।