গাজীপুরে পুকুরপাড়ে পুঁতে রাখা অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকার পুকুরপাড় থেকে ওই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, পোড়াবাড়ির কোনাপাড়া এলাকার পুকুর পাড়ের একটি গর্তে নারীর চুল দেখে লাশ আছে সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুর দেড়টার দিকে পুলিশ মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার গভীর রাতে শিয়াল গর্ত করে ওই নারীর লাশ উঠানোর চেষ্টা করছিল। সকালে স্থানীয়রা চুল দেখতে পায়। আনুমানিক ১০-১২ দিন আগে হত্যা করা নারীর শরীরে কোনো পোশাক ছিল না। লাশ পচে যাওয়ায় শরীরে কোনো আঘাত ছিল কি না তা বোঝা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।