আবারও বিজয়ের ব্যাটে চলছে খুলনা

জাতীয় লিগ-প্রথম স্তর

স্পোর্টস রিপোর্টার

প্রথম রাউন্ডে সেভাবে রান না পেলেও দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এনামুল হক বিজয়। গতকাল দ্বিতীয় ইনিংসেও তিনি অপরাজিত আছেন ৬১ রানে। আর তার এই দারুণ রান উত্সবে ভর করে আরো একটা ম্যাচে ভালো অবস্থায় খুলনা। গতকাল তৃতীয় দিনশেষে ঢাকা বিভাগের বিপক্ষে ২০০ রানে এগিয়ে আছে তারা; হাতে আছে ৮ উইকেট। এই স্তরের আরেক ম্যাচে রাজশাহীর বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে রংপুর। গতকাল রাজশাহী ৬ উইকেট হারিয়েছে ১২৯ রান তুলতে। ফলে হাতে ৪ উইকেট নিয়ে মাত্র ৫৬ রানের লিড নিতে পেরেছে তারা।

আগে ব্যাট করা খুলনা প্রথম ইনিংসে ৩৭১ রান করেছিল। জবাবে ৩১৬ রানে অলআউট হয় ঢাকা বিভাগ। ঢাকার প্রথম চার ব্যাটসম্যানই ফিফটি পার করেছেন। উদ্বোধনী জুটিতে ১২৫ রান করেন জয়রাজ শেখ ও রনি তালুকদার। এরপর সাইফ হাসান ও রকিবুল হাসানও ভালো দুটো ইনিংস খেলেন। তারাও ১০৮ রানের জুটি করেন। পঞ্চম ব্যাটসম্যান তাইবুরও ৩১ রানের একটা ইনিংস খেলেন। কিন্তু এরপর আর এই ভিত্তিটা কাজে লাগাতে পারেনি তাদের ব্যাটসম্যানরা। ৪ উইকেটে ২৭৫ রান করা দলটি ৩১৬ রানে অলআউট হয়ে যায়।

জবাব দিতে নেমে খুলনার শুরুটা ভালো হয়নি। চতুর্থ ওভারেই রবিউল ইসলাম শূন্য রানে ফিরে আসেন। এরপর দলকে দারুণ ভিত্তি দেন এনামুল হক বিজয় ও ইমরান উজ্জামান। ইমরান ৬৬ রান করে আউট হন।

রংপুরের বিপক্ষে রাজশাহী প্রথম ইনিংসেই করতে পেরেছিলো মাত্র ২০১ রান। জবাবে বদলি নাসির হোসেনের ৬২ ও নাঈম ইসলামের ৫৪ রানে ২৭৪ রান করে রংপুর। দ্বিতীয় ইনিংসে নেমেও সুবিধা করতে পারেনি রাজশাহী। ২৫ রানেই প্রথম উইকেট হারানো দলটি ৩২ রানে হারিয়েছিল দুই ওপেনারকে। এরপর শাকির ও জুনায়েদ পাল্টা আক্রমণের চেষ্টা করেন। লাভ হয়নি। 

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী-রংপুর

রাজশাহী-১ম ইনিংস: ৭১.৪ ওভারে ২০১/১০

এবং ২য় ইনিংস: ৭৬ ওভারে ১২৯/৬ (জুনায়েদ ৩৪, শাকির ২৯; মাহমুদুল ২/২১, তাভির ২/২৩, সোহরাওয়ার্দী ২/২৪)।

রংপুর-১ম ইনিংস: ১১৮.৫ ওভারে ২৭৪/১০ (মারুফ ৭৮, নাসির ৬২, নাঈম ইসলাম ৫৪, আরিফুল ৪৭; সানজামুল ৩/৮৬, ইফখেতার ২/৫৯)।

 

খুলনা-ঢাকা বিভাগ

খুলনা-১ম ইনিংস: ১১১.১ ওভারে ৩৭১/১০

এবং ২য় ইনিংস: ৪৪ ওভারে ১৪৫/২ (ইমরান ৬৬, বিজয় ব্যাটিং ৬১)

ঢাকা বিভাগ-১ম ইনিংস: ১১০ ওভারে ৩১৬/১০ (রনি ৭৩, সাইফ ৭২, রকিবুল ৫৬, জয়রাজ ৫১, তাইবুর ৩১; মেহেদী ৪/৯২, রাজ্জাক ৩/৭২)।