অ্যাওয়ে খরা কাটাল ইউনাইটেড
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ছয় পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা লিভারপুল। ১০ ম্যাচ শেষে অল রেডদের পয়েন্ট এখন ২৮। সমানসংখ্যক ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ২২।
স্পোর্টস ডেস্ক
রাতটা ছিল মোহামেদ সালাহর। অ্যানফিল্ড ক্যারিয়ারর ৫০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন পেনাল্টি থেকে গোল করে। আর সেই অর্জনের চেয়েও বড় ব্যাপার হলো জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। রোববার রাতে তারা ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ছয় পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা লিভারপুল। ১০ ম্যাচ শেষে অল রেডদের পয়েন্ট এখন ২৮। সমান সংখ্যক ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ২২।
অ্যানফিল্ডে অবশ্য ম্যাচ শুরুর মাত্র ৪৭ সেকেন্ডেই হ্যারি কেনের গোলে এগিয়ে গিয়েছিল টটেনহ্যাম। এরপর ৭৫ মিনিটে সার্জি অরিয়ারের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেন আরেক তারকা সাদিও মানে। স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করেন সালাহ। লিভারপুলের হয়ে ৫৮ ম্যাচে এটি তার ৫০তম গোল। ৫২ মিনিটে লিভারপুল দলের হয়ে সমতা ফিরিয়েছিলেন জর্ডান হেন্ডারসন।
ম্যাচের শেষের দিকে গোড়ালির ইনজুরিতে পড়া সালাহকে নিয়ে সমর্থকরা চিন্তিত থাকলেও কোচ ইউর্গেন ক্লপ অবশ্য আশ্বস্ত করেছেন ইনজুরির মাত্রা মোটেই গুরুতর নয়। ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘আমরা যখন ১-০ গোলে পিছিয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে তা কাটিয়ে ওঠার চেষ্টা করিনি। আমরা শুধুমাত্র নিজেদের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি। কিন্তু ম্যাচের সময় যত গড়িয়েছে আমরা ততই পরিণত হয়েছি। এই পারফরম্যান্সে আমি সত্যিই দারুণ খুশি। আমি এটা দারুণ পছন্দ করেছি। টটেনহ্যামের মতো দলের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে কাউন্টার অ্যাটাকে খেলা চালিয়ে যাওয়া সত্যিকার অর্থেই অনেক কঠিন কাজ।’ এদিকে নরউইচ সিটিকে ৩-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগে টানা আট মাস পর অ্যাওয়ে ম্যাচে জয়ের খরা কাটাতে সক্ষম হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নরউইচের ক্যারো রোড স্টেডিয়ামে স্কট ম্যাকটোমিনে, মার্কোস রাশফোর্ড ও অ্যান্থনি মার্টিয়ালের গোলে দারুণ এই জয় ছিনিয়ে নেয় রেড ডেভিলসরা। স্বাভাবিকভাবেই এই জয়ে স্বস্তি ফিরেছে ওলে গুনার সোলশারের শিবিরে।
এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। ম্যাচ শেষে কোচ সোলশার বলেন, ‘দীর্ঘ সময় পরে জয় এলেও শেষ পর্যন্ত তা হয়েছে। অবশ্যই পুরো কৃতিত্ব খেলোয়াড়দের।’ এই রাতের অপর খেলায় আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।