স্পোর্টস রিপোর্টার
বৃষ্টি থেমে যাওয়ার দুই দিন পরও গতকাল বগুড়ায় বরিশাল ও ঢাকা মেট্রোর খেলা শুরু হতে পারেনি। তবে রাজশাহীতে সিলেট ও চট্টগ্রামের ম্যাচ অবশেষে তৃতীয় দিনে এসে শুরু হয়েছে।
সিলেট-চট্টগ্রাম ম্যাচে প্রথম দিনেই ছিল বোলারদের দাপট। সব মিলে একদিনে ১৬ উইকেটে পতন হয়েছে। এর মধ্যেও চট্টগ্রামের পিনাক ঘোষ সেঞ্চুরি করেছেন।
আগে ব্যাট করা সিলেট অলআউট হয়েছে ১৬৩ রানে। অলক কাপালি ৪২ রান করেছেন। এ ছাড়া বলার মতো কেউ রান করতে পারেননি। চট্টগ্রামের হয়ে বল হাতে ধস নামিয়েছেন ইরফান হোসেন। তিনি ৫৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন।
জবাব দিতে নেমে চট্টগ্রামের অবস্থাও শোচনীয়। তার মধ্যেও এক প্রান্তে দাঁড়িয়ে ঝড়ো সেঞ্চুরি করেছেন পিনাক। তিনি ৮৩ বলে ১০০ রান করে আউট হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট-১ম ইনিংস: ৪৪.২ ওভারে ১৬৩/১০ (অলক ৪২, ইমতিয়াজ ২৪, জাকির ২১; ইরফান ৬/৫৭, হাসান ৩/৪৯)।
চট্টগ্রাম-১ম ইনিংস: ৩৩ ওভারে ১৯১/৬ (পিনাক ১০০, সাদিকুর ৩৭; এনাম জুনিয়র ২/৩৫, রাহি ২/৬৪)।