স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশায় সৃষ্ট যানজট নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। গোটা শহরে এ যানের অবাধ বিচরণের কারণে পথচারীরা প্রতিনিয়ত চরম বিড়ম্বনায় পড়ছেন। উক্ত যানের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) একবছর ধরে এ অবস্থা থেকে উত্তরণের কথা বলছে। এমন কি সকাল-বিকাল দুই রঙের অটোরিকশা চলাচলের উদ্যোগও নিয়েছে। গত ১ জুলাই রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ‘স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেম’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন। কিন্তু রাসিক মেয়রের ঐ উদ্যোগ কাজে আসেনি। তবে শিগগিরই অটোরিকশা নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন রাসিকের মেয়র ও সংশ্লিষ্টরা।
এদিকে সোমবার সন্ধ্যায় রাজস্ব বিভাগের উপ যানবাহন শাখার বরাতে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অটোরিকশা ও চার্জার রিকশা নীতিমালা অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন বিহীন অটো ও চার্জার রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। চিকন চাকার চার্জার রিকশা মহানগরীতে চলাচল করতে পারবে না। অটো/চার্জার রিকশার রেজিস্ট্রেশন কার্ড ও চালক রেজিস্ট্রেশন গাড়িতে রাখতে হবে। যারা এখনো রেজিস্ট্রেশন সংগ্রহ করেননি তারা ৩১ অক্টোবরের মধ্যে নগরভবন হতে সংগ্রহ করতে পারবে। অটো ও চার্জার রিকশার যেসব মালিক এখনো নবায়নের আবেদন করেননি, তাদের ৩১ অক্টোবরের মধ্যে নবায়নের আবেদন করতে হবে। ব্যর্থতায় ১ নভেম্বর ২০১৯ হতে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। ১ নভেম্বর হতে অটোরিকশার জোড় সংখ্যার রঙ মেরুন এবং বেজোড় সংখ্যার রঙ পিত্তি করে রাস্তায় বের করতে হবে। মাসের প্রথম সপ্তাহ এবং ৩য় সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রঙ এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত পিত্তি রঙের অটোরিকশা চলাচল করবে। মাসের ২য় সপ্তাহ এবং ৪র্থ সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রঙ এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা চলাচল করবে। তবে শুক্রবার এবং সরকারি ছুটির সারাদিন এবং প্রতি দিনগত রাত ১০টা ৩০মিনিটের পর উভয় রঙের অটোরিকশা চলাচল করবে।
এ বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, আরএমপি কমিশনার ও সিটি করপোরেশনের মেয়র যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবে নগরীকে যানজটমুক্ত রাখতে কার্যক্রম পরিচালনা করা হবে।