রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে মেয়েটির সরাসরি অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করে।
দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির নাম মো. রফিক (৬১)। তিনি উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারী পাড়ার মৃত নবাব মিয়ার ছেলে। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম জানান, এক সহপাঠীকে নিয়ে সকালে স্কুলশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বিদ্যালয়ে আসে মেয়েটি। এ সময় মো. রফিক তাদের পেছনে পেছনে শ্রেণিকক্ষে প্রবেশ করে মেয়েটির মুখ চেপে যৌন হয়রানির চেষ্টা চালায়। এই সময় অপর সহপাঠী চিত্কার দিলে এলাকার লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়। পরে হেল্পডেস্কের মাধ্যমে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে যৌন হয়রানির দায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।