স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। গতকাল সচিবালয়ে কোরিয়ার সহায়তা সংস্থা ইকোনোমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ডের ( ইডিসিএফ) কান্ট্রি ডিরেক্টর কিম কিয়ং নাসিমের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে ইডিসিএফ স্বাস্থ্যখাতে আরো সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীতে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তারা আগামী ফেব্রুয়ারিতে নতুন প্রকল্প শুরু করার আগ্রহ দেখায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় যে কোনো একটি প্রকল্পে তারা কাজ করবে বলে জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কোরিয়া সরকার ও ইডিসিএফ-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ আর্থ-সামাজিক খাতে কোরিয়ার অবদান অনস্বীকার্য। দেশের জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্য সেবা সুলভে পৌঁছে দিতে সরকারের কার্যক্রমে ভবিষ্যতেও তাদেরকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।
বাংলাদেশে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ইডিসিএফের অর্থায়নে সাতটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আরো সাতটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তারা এদেশে ০.০১ শতাংশ হারে সহজ সুদে ঋণ দিয়ে উন্নয়নে সহায়তা করে থাকে। এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের পরিচালক ডা. জুলফিকার রহমান খান উপস্থিত ছিলেন।