বিকল্প রেখে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গণপরিবহনে বিকল্প ব্যবস্থা রেখেই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, জনগণ যাতে দুর্ভোগে না পড়ে, সেদিকে খেয়াল রেখেই অভিযান চালাতে হবে।

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যেসব গাড়ি সড়কে চলাচল করে তার বেশির ভাগেরই ফিটনেস নেই। অভিযান শুরু করলে এর এক-তৃতীয়াংশই চলাচল করতে পারবে না।’ এ সময় তিনি জানান, গণপরিবহনে নতুন গাড়ি যুক্ত করার বিষয়ে এরই মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। সরকার চায় একটি শৃঙ্খল ও সংকটবিহীন গণপরিবহন ব্যবস্থা। ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া সড়ক পরিবহন আইন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই আইনের আলোকেই বিধি তৈরি করা হবে। আগে এ সংক্রান্ত আইন না থাকায় অপরাধীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া যায়নি এতদিন। এবার আইন কার্যকর হলে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে। চাঁদাবাজিও বন্ধ হবে।

এদিকে ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি না দেওয়ার বিষয়ে হাইকোর্ট       যে নিষেধাজ্ঞা জারি করেছে সে প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মেনে গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে রাস্তায় খুব কম গাড়ি পাওয়া যাবে।

দুর্নীতি, অনিয়ম, অপকর্মের সঙ্গে জড়িত এমপিদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আদালতে যখন শাস্তি নিশ্চিত হবে, তখন দল তাকে বহিষ্কার করবে। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কীভাবে অ্যাকশনে যাই?’ পরীক্ষায় জালিয়াতির দায়ে নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীর পরীক্ষা ও নিবন্ধন বাতিল করে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পরবর্তী ওয়ার্কিং কমিটিতে তার বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া সংসদীয় রীতিনীতিতে নৈতিক স্খলন বিষয়ে কী আছে, সে ব্যাপারে স্পিকার কী ব্যবস্থা নেন তা দেখা হবে।’