বরিশাল নগরীর নৌবন্দরসংলগ্ন শিরিন ফার্সেমির স্বত্বাধিকারী শিরিন খানম নামে এক নারী ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি ফেসবুক লাইভে এসে বিভিন্নজন তাকে হুমকি দিচ্ছে অভিযোগ করে বাঁচার আকুতি জানিয়েছিলেন। রবিবার রাত ১০টার দিকে ফার্মেসিতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাত্ক্ষণিক শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি রাত ৮টার দিকে লাইভে এসেছিলেন। এ ঘটনায় সাত জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, এক সন্তানের জননী শিরিন খানম ডিভোর্সি ছিলেন। দীর্ঘদিন ব্যবসার পাশাপাশি নানান কর্মকাণ্ডে আলোচিত হয়ে টিকটক শিরিন নামে পরিচিতি লাভ করেন তিনি। মৃত্যুর আগে ফেসবুকের লাইভে তিনি অভিযোগ করেন, তাকে ফার্মেসি থেকে উত্খাতের ষড়যন্ত্র চলছে। এ সময় তিনি বিভিন্ন ব্যক্তির নামও প্রকাশ করেন। পৃথক লাইভ ভিডিওতে তিনি সংশ্লিষ্ট ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ পার্শ্ববর্তী বেশ কয়েকজন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। ষড়যন্ত্রে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন এবং তাকে মেরে ফেলার হুমকি দেওয়ার কথাও বলেন। সম্প্রতি শিরিন খানম ‘আজকের ক্রাইম নিউজ’ নামক একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করেন। এছাড়াও সম্প্রতি নকল ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয়ে কারাবরণও করেছিলেন তিনি। কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।