বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যখন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন খুব হাসি পায়। সরকার বাংলাদেশকে ক্যাসিনো রাষ্ট্র বানাতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্যাসিনো ব্যবসা নিয়ে যে নাটক চালানো হচ্ছে, তার মূলহোতাদের কোনো খবর নেই। যেখানে এ সরকারের সারাগায়ে কাদা লেগে আছে, এ সরকার কিভাবে শুদ্ধি অভিযান চালায়? বর্তমান সরকার নিজেরাই শুদ্ধ নয়; অথচ চুনোপুঁটিদের ধরে শুদ্ধি অভিযান করা হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পেরিয়ে গেলেও আজও চিন্তা করতে হয়, আমার অধিকার কোথায়? আমার সুশাসন কোথায়, আমার সুন্দর সমাজ কোথায়? আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণই এর একমাত্র কারণ। তারা গণতন্ত্রে, মানুষের অধিকার ও সুশাসনে বিশ্বাস করে না। তাদের শাসন ব্যবস্থাটাই এমন।
গতকাল সোমবার দুপুরে মির্জা রুহুল আমীন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভারত বাংলাদেশের মিত্র রাষ্ট্র। কিন্তু আজ পর্যন্ত কী তিস্তা চুক্তির বাস্তবায়ন হয়েছে? বাংলাদেশ কী পানির ন্যায্য হিস্যা পেয়েছে ? এ ব্যাপারে কোনো অগ্রগতি বর্তমান সরকার করতে পারেনি। বিএনপি মহাসচিব বলেন, এ সরকার নতজানু সরকার। আর নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে কোনো দিন জাতিকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবে না। দেশের কৃষি ব্যবস্থা ও অর্থনীতি নিয়ে তিনি বলেন, কৃষকরা বর্তমানে হতাশ। তারা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। সম্প্রতি ধানের দাম পায়নি। আলু নিয়ে বর্তমানে চরম খারাপ অবস্থা বিরাজমান। একদিকে কৃষিপণ্যের দাম নেই; অন্যদিকে আমরা চিত্কার করে বলছি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাব। যেখানে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য পায় না সেখানে কিসের উন্নয়ন আসে, আমাদের মাথায় তা ঢোকে না।
জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।