সিঙ্গাপুরে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতি। প্রতিদিনই গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চিশতি এরশাদের পক্ষে গণসংযোগ করছেন। জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, এরশাদের পক্ষে প্রচারণার জন্য দলীয়ভাবে চিশতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গতকাল বৃহস্পতিবার প্রচারণাকালে চিশতি বলেছেন, ‘এরশাদ আগেও এই আসনের এমপি ছিলেন, সেজন্য প্রচারণা চালাতে সমস্যা হচ্ছে না, প্রচারণার জন্য এরশাদের উপস্থিত থাকার দরকারও নেই।’
বাবলার জন্য লাঙ্গলে ভোট চাইলেন মেয়র খোকন
জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে ‘লাঙ্গল’ মার্কায় ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল শ্যামপুর বালুর মাঠে আওয়ামী লীগ ও জাপার যৌথ কর্মী সমাবেশে মেয়র খোকন বাবলাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে নৌকা ও লাঙ্গল এক হয়েছে।
মহাজোট জয়ী না হলে অচলাবস্থা সৃষ্টি হবে: ফিরোজ রশীদ
জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশীদ বলেছেন, দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। মহাজোট সরকার জনগণকে তা দিয়েছে। মানুষ শান্তিতে আছে, দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে গত দশ বছরে। মহাজোট ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আরেকটি গোষ্ঠী ক্ষমতায় আসার জন্য মরিয়া। এ অশুভ গোষ্ঠী যদি কোনভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে দেশ ও জাতি নিরাপত্তাহীনতায় পড়বে। গতকাল পুরান ঢাকায় জুবলী স্কুলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাপার ইশতেহার ঘোষণা আজ
এদিকে, একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাপা আজ শুক্রবার দলের ইশতেহার ঘোষণা করবে। সকাল ১০টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করবেন পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার।