অর্থনৈতিক সঙ্কটের মধ্যে নতুন প্রেসিডেন্ট পেল আর্জেন্টিনা

অর্থনৈতিক সঙ্কট নিয়ে উদ্বেগের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে মধ্য-বাম প্রার্থী আলবের্তো ফার্নান্দেজ আজেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হতে প্রয়োজনীয় ৪৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে নিজের জয় নিশ্চিত করেছেন ফার্নান্দেজ, এতে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। গভীর অর্থনৈতিক সঙ্কটে পড়া আর্জেন্টিনার জনসংখ্যার এক-তৃতীয়াংশ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। নির্বাচনী প্রচারণায় তাই অর্থনৈতিক উদ্বেগই প্রাধান্য পেয়েছে এবং ফলাফল নির্ধারণেও ভূমিকা রেখেছে। রবিবার রাতে ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ফার্নান্দেজ ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন আর মাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট। প্রথম পর্বের ভোটে জয় পেতে একজন প্রার্থীকে অন্তত ৪৫ শতাংশ ভোট অথবা ৪০ শতাংশ ভোট ও দ্বিতীয় স্থানে থাকা প্রতিদ্বন্দ্বি থেকে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়। ওই রাতেই পরাজয় মেনে নিয়ে ফার্নান্দেজকে অভিনন্দন জানান মাক্রি। - বিবিসি