সাভারে চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

সাভারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনায় জড়িত চার বখাটেকে গ্রেফতার করেছে। শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- কালিয়াকৈর গ্রামের হারুনুর রশিদের ছেলে বিল্লাল হোসেন, আলী আলমের ছেলে মো. রাফিজ, রজ্জব আলীর ছেলে হানিফ মিয়া ও গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকার আকিল উদ্দিনের ছেলে আল-আমিন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বিল্লাল হোসেন একটি তৈরি পোশাক কারখানায় চাকরি দেওয়ার জন্য আলোচনা করার কথা বলে ওই গৃহবধূকে কালিয়াকৈর গ্রামের আল-আমিনের বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় বিল্লাল এবং সেখানে থাকা রাফিজ, হানিফ ও আল-আমিন জোরপূর্বক ওই গৃহবধূকে বাড়ির ভেতরে আটকে রেখে ধর্ষণ করে। শনিবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূ সাভার মডেল থানায় এসে বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাত্ক্ষণিকভাবে কালিয়াকৈর গ্রামে অভিযান চালিয়ে চার ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।