‘অপপ্রচার’ ঠেকাতে ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণের প্রস্তাব

একাদশ সংসদে নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় ভোটের আগে ‘অপপ্রচার’ ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দিয়েছে একাধিক পুলিশ কর্মকর্তা। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে তারা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলা হতে পারে। বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও সিনিয়র নেতার ওপরে জঙ্গি হামলা অথবা গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। বৈঠকে দেশের সব বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সব রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা সোশাল মিডিয়া, গণমাধ্যম কর্মী ও পর্যবেক্ষকদের নিয়ন্ত্রণে বেশকিছু সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি তারা ভোটের আগের তিন দিন মোবাইল ব্যাংকিং ও কুরিয়ার সার্ভিস বন্ধ রাখার প্রস্তাব দেন।