ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক সর্বোচ্চ ফোরাম একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের নীল দল ও সাদা দলের অধ্যাপকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। অবৈধভাবে ৩৪ ছাত্রলীগ নেতার ভর্তি ও ডাকসু জিএস গোলাম রাব্বানীকে অনিয়মের মাধ্যমে এম ফিলে ভর্তির সুযোগ দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পৌনে দুই ঘণ্টার এই অধিবেশনে এক ঘণ্টা বাকবিতণ্ডা চলতে থাকে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকালে এ সভার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় দেড়শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। সভাসূত্র বলছে, সভায় ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের বক্তব্যের পরই আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা হট্টগোল শুরু করেন। তারা তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপাচার্যও বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এখানে রাজনীতি করতে এসেছেন। এখানে তো রাজনৈতিক দলের নেতাও আছে!’ তুমুল বাকবিতণ্ডা আর হট্টগোলের মধ্যেই অধ্যাপক ওবায়দুল ইসলামের বক্তব্য এক্সপাঞ্জের ঘোষণা দেন ভিসি আখতারুজ্জামান।