দেশের উন্নয়নের ইতিহাস থেকে এরশাদের নাম মুছে ফেলা যাবে না —জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এরশাদ আমাদের সকল প্রেরণার উত্স। বাংলাদেশের উন্নয়নের ইতিহাস থেকে পল্লিবন্ধুর অবদান কখনোই মুছে ফেলা যাবে না। আমরা এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচনব্যবস্থা দূর করতেই এরশাদের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ফর্মুলা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। গতকাল সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাপার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাপায় কোনো বিভেদ নেই, দল জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ভাই-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।