বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত এস এম মাহমুদ সেতুকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় তাকে রাজধানীর বাংলামোটর থেকে গ্রেফতার করা হয়। আবরার হত্যার ঘটনায় সেতুসহ এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান সাত দিনের রিমান্ডের আবেদন করে গতকাল সেতুকে আদালতে হাজির করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আবরার হত্যা মামলার এজাহারে নাম উল্লেখ না থাকলেও এরই মধ্যে গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া জবানবন্দি ও বিভিন্ন সাক্ষ্যপ্রমাণে আবরার হত্যায় সেতুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার করা হয়। তিনি বুয়েটের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে চলতি বছরের এপ্রিল মাসে বিএসসি পরীক্ষা সম্পন্ন করেন। তিনি মানিকগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন। বুয়েটের শেরেবাংলা হলের ২০১২ রুমে থাকতেন। এখান থেকে মানিকগঞ্জে আসা-যাওয়া করতেন।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী। তাদেরকে বুয়েট এবং ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।