বাগদাদি শিকারে কুকুরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

দুর্ধর্ষ আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে শিকারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে একটি মিলিটারি কুকুরের প্রশংসায় মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে সারমেয় গোত্রের ওই কুকুরটির একটি ছবি পোস্ট করে তার ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর গার্ডিয়ানের।

নিজের টুইটারবার্তায় ট্রাম্প লেখেন, আমরা সেই বিস্ময়কর কুকুরটির ছবি পেয়েছি, যে আইসিস নেতা আবু বকর আল-বাগদাদিকে ধরতে এবং হত্যা করতে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছে।

সারমেয়টিকে একটি 'সফল শিকারী' উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জানান, দুর্ধর্ষ জঙ্গিকে ধাওয়া করতে গিয়ে আহত হয়েছে সেও। কিন্তু কাজে ফাঁকি দেয়নি। একজন মিলিটারি কর্মীর মতোই আঘাত নিয়েই সে আবার সঙ্গে সঙ্গেই কাজে ফিরেছে। সে না থাকলে এই অপারেশন হয়তো সফল হত না।  

এর আগে বাগদাদির মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণার সময়েই তিনি জানান, বাগদাদিকে ধাওয়া করতে করতে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে সবাই। কিছুতেই মিলিটারি কুকুরটি পিছু ছাড়ছে না দেখে বাধ্য হয়ে ওই জঙ্গিনেতা আত্মঘাতী বোমায় নিজেকে শেষ করে। সেই বোমার আঘাতে মৃত্যু হয়েছে তিন শিশুর। জখম হয়েছে কুকুরটিও।

সাহসী কুকুরটিকে প্রশংসায় ভরিয়েছেন জেনারেল মার্ক মিলেও। তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাস দমনে আমেরিকার এই সফল ভূমিকার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সারমেয়র। এত সুন্দরভাবে সে মিলিটারি ট্রেনিং নিয়েছে যে  কোনও মানুষের থেকে তার দক্ষতা কম নয়। সেনাবাহিনীর সঙ্গে তাল মিলিয়ে ধাওয়া করায় আবু বকরকে খতম করা সম্ভব হয়েছে আমাদের সেনাদের পক্ষে।

আরও পড়ুন: সাকিবের বিষয়ে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

সারমেয়টির নাম প্রকাশ্যে আনতে রাজি হননি প্রেসিডেন্ট ট্রাম্প বা জেনারেল মিলে। তারা জানান, মিলিটারি সেনার মতোই আপাতত তার নাম গোপন রাখা হবে। তবে উভয়েই আশ্বস্ত করেছেন, কুকুরটির আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরেই সে আবার তার কাজে ফিরে গেছে।  

ইত্তেফাক/এসএইচএম