দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৯ হাজার টাকা 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১

টানা চতুর্থ দফায় দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে, যা আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। 

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরির দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণের ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

 
ইত্তেফাক/আরএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন