বলিউড তারকা ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ। এমন গুঞ্জন অনেকদিন ধরেই রয়েছে বলিউড পাড়ায়। কিন্তু এটা দু’জনের কেউই স্বীকার করেননি। তবে তাদের ঘনিষ্ঠ অনেকেই বিষয়টি সত্য বলে জানিয়েছেন।
নিজেদের প্রেম গোপন রেখেছেন ভিকি ও ক্যাটরিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর থেকে আবারো আলোচনায় আসেন তারা। অমিতাভ বচ্চনের দীপাবলি পার্টি থেকে একসঙ্গে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। ভিকি ও ক্যাটরিনার সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে যায় জোর সমালোচনা।
প্রথমসারির কোনো অভিনেত্রীর সঙ্গে সখ্য বাড়তে শুরু করে বলেই ভিকির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার দীর্ঘদিনের প্রেমিকা হারলিন শেঠির। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি ভিকির বিচ্ছেদ হয়ে যায় হারলিনের সঙ্গে।
এ বিষয় নিয়ে ভিকিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ক্যাটরিনার সঙ্গে জড়িয়ে যে খবরগুলো পাওয়া যাচ্ছে তা একেবারেই সত্যি না। এখন ক্যাটরিনার পরে তো অন্য কোনো সুন্দরী অভিনেত্রীর সঙ্গে আবার আমার নাম জড়িয়ে গল্প শুরু হবে। তবে এ সব নিয়ে আমি ভাবছি না।’