কবিগুরু রবীন্দ্রনাথের শিল্পানুরাগীদের সামনে গত ৯ বছর ধরে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করে চলেছে সংগীত সংগঠন ‘উত্তরায়ণ’। রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের এই সংগঠনটির প্রতিষ্ঠার নবম বার্ষিকী উদযাপন করা হবে আগমী ২ নভেম্বর। এদিন শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি-আলেখ্য।
এদিন সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য ভিন্নধারার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। বিষয়টি নিশ্চিত করেন উত্তরায়ণ-এর পরিচালক ও রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।
‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করবেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যরা। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।